প্রকাশিত: Thu, Dec 8, 2022 12:09 PM
আপডেট: Thu, Sep 10, 2026 7:38 PM

পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত

মিহিমা আফরোজ: পশ্চিম তীরের জেনিন শহরের উপকণ্ঠে ইসরায়েলের সেনাবাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়। এএফপি

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার ভোরে জেনিনে অভিযান চলাকালে ইসরায়েলি বন্দুক যুদ্ধে তিনজন নিহত হয়েছেন। জেনিনে তাদের সর্বশেষ অভিযানের বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে ইসলামিক জিহাদ জঙ্গি গ্রুপ বৃহস্পতিবার জানায়, তাদের যোদ্ধারা জেনিনে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ভয়ানক সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। এই বছর পশ্চিম তীরে ইসরায়েল ও জেরুজালেমে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এ বছর এ পর্যন্ত অন্তত ১৫০ ফিলিস্তিনি এবং ২৬ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জেনিনে ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে একজন ১২ বছরের শিশু এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান সাংবাদিক আবু আকলেও রয়েছেন।  সম্পাদনা: খালিদ আহমেদ